শ্যামনগর

খোলপেটুয়ায় বালু উত্তোলন: ১ জনের জেল, ৪ জনকে জরিমানা

  এম কামরুজ্জামান শ্যামনগর ব্যুরো ২ মে ২০২৬ , ৪:১২:১২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের এলাকায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে কারাদণ্ড এবং বাকি চারজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২ মে) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আশাশুনি ও পাইকগাছা উপজেলার পাঁচ বাসিন্দাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— নজরুল ইসলাম (৫৭), সজীব শেখ (২২), মো. ইব্রাহিম গাজী (২৫), মো. আক্তারুল গাজী (৩৩) ও আব্দুল্লাহ আল মামুন (২৪)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. আক্তারুল গাজীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অপরাধ স্বীকার করায় বাকি চারজনের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর নাব্যতা বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরও খবর