এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ৫ মে ২০২৬ , ৪:২২:১৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানগ্রোভ সুন্দরবন সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ওয়াইল্ডটিমের আয়োজনে এবং বিদ্যালয়ের আর্থস্কাউট সদস্যদের বাস্তবায়নে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জার্মান উন্নয়ন সংস্থা GIZ-এর অর্থায়নে আয়োজিত এ ক্যাম্পেইনে ছিল বর্ণাঢ্য র্যালি, শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দরবন বিষয়ক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী।
কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে এবং ওয়াইল্ডটিম কর্মকর্তা আলী হোসেন মোহাম্মদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আর্থস্কাউট সদস্য তনুশ্রী মন্ডল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ জাহিদ হোসেন। এছাড়া বক্তব্য দেন ওয়াইল্ডটিম কর্মকর্তা সনজিৎ কুমার মন্ডল, মুজিবুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা সুন্দরবনের বৃক্ষরাজি, বন্যপ্রাণী, মৎস্যসম্পদসহ প্রাকৃতিক সম্পদের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সুন্দরবন সংরক্ষণ অত্যন্ত জরুরি। এ জন্য নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও টি-শার্ট বিতরণ করা হয়।

















