ডেস্ক রিপোর্ট ১১ মে ২০২৬ , ৪:৪৭:০৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার পাটকেলঘাটায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় পাটকেলঘাটার পাঁচ রাস্তার মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশের ঔষধ শিল্পকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানি এবং বিভিন্ন গণমাধ্যমে তাদের ‘দালাল’ হিসেবে উল্লেখ করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসক, ফার্মেসি ও রোগীদের মাঝে ওষুধ সম্পর্কিত তথ্য পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই তাদের সম্মানহানি ও হয়রানি বন্ধের দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. জামাল উদ্দিন, সভাপতি মো. জাহাঙ্গির আলম, সহ-সভাপতি মো. ওয়াসেফ আলী, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, সদস্য মো. গোলাম হোসেন, মো. সামীর উদ্দীন ও মো. রাফসান জনি প্রমুখ।
মানববন্ধনে সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

















