দেবহাটা

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রতিনিধি ২০ মে ২০২৬ , ২:২৫:১২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১১টায় উপজেলার কুলিয়া এলাকায় তার নিজস্ব অফিস প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ১নং কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে তিনি রাজনীতি করে আসছেন। সভাপতি নির্বাচিত হওয়ার আগ থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তার রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে, যা শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তি নয়, দলের সুনামও ক্ষুণ্ন করছে।

হামিদুল হক শামীম বলেন, কুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম সিরাজ ওরফে বাঙালের ছেলে আব্দুল্লাহ মিলন ব্যবসায়িক প্রয়োজনে কয়েক মাস আগে তার কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করতে থাকেন।

তিনি আরও বলেন, বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানানো হলেও মিলন টাকা পরিশোধ করেননি। উল্টো তার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে যোগসাজশ করে তার বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করেন।

ঘটনার বর্ণনা দিয়ে শামীম জানান, গত ১৬ মে রাত ৮টার দিকে তিনি ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পলাশ আহম্মেদ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনকে সঙ্গে নিয়ে কুলিয়া বাজারে গিয়ে আব্দুল্লাহ মিলনের কাছে পাওনা টাকা চান। এ সময় মিলন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একপর্যায়ে রড দিয়ে জয়নাল আবেদীনের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এলে মিলন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহত জয়নাল আবেদীনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং এ ঘটনায় দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে হামিদুল হক শামীম আরও দাবি করেন, আব্দুল্লাহ মিলন ও তার ভাই আবু সিদ্দিক এলাকায় কিশোর গ্যাং পরিচালনা, মাদকাসক্তি এবং ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণা চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি প্রশাসনের কাছে অপপ্রচারকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহিমসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর