প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে নূরজাহান কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
উম্মে নূরজাহান শার্শা উপজেলার বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তিনি প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন।
তিনি সালাউদ্দীন আহমেদ নয়ন ও নাসরিন জাহান মিমি দম্পতির কন্যা। মেয়ের এই সাফল্যে তারা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উম্মে নূরজাহানের পিতা সালাউদ্দীন আহমেদ নয়ন বলেন, “মেয়ের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং পরিবারের সবার সহযোগিতা রয়েছে। আমরা চাই, সে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করুক।”
মাতা নাসরিন জাহান মিমি বলেন, “ছোটবেলা থেকেই নূরজাহান পড়াশোনার প্রতি খুবই মনোযোগী। তার এই সাফল্যে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সে যেন ভবিষ্যতে একজন সৎ, আদর্শ ও সফল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এটাই আমাদের প্রত্যাশা।”
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, উম্মে নূরজাহান শুরু থেকেই মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী হিসেবে পরিচিত। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের উৎসাহ-অনুপ্রেরণার ফলেই সে এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, উম্মে নূরজাহান ভবিষ্যতেও শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







