সাতক্ষীরা

আন্তঃস্কুল দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত

  ডেস্ক রিপোর্ট ১৫ আগস্ট ২০২৬ , ২:১৬:১৬ অনলাইন সংস্করণ

‘দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরায় আন্তঃস্কুল দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক), খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৮টি বিদ্যালয়ের অংশগ্রহণে কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এবং পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল সেমিফাইনাল নিশ্চিত করেছে।

বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক তথ্য-উপাত্ত, যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপনের মাধ্যমে দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরেন। প্রাণবন্ত এ বিতর্কে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর বক্তব্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহেদ মোস্তফা চৌধুরী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আশরাফ হোসেন ও দর্শন বিভাগের প্রভাষক প্রিয়া মন্ডল।

মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাজমুল হক। সময় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ রেজাউল করিম।

এ সময় বক্তারা বলেন, আমাদের সমাজে দুর্নীতির সংজ্ঞা ও ধরন অনেক। দুর্নীতিই দেশের উন্নয়নের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা। দুর্নীতি প্রতিরোধ এবং এর বিস্তার রোধে সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিতভাবে কাজ করতে পারলে দুর্নীতির মূল উৎপাটন করা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ওহাব আজাদ, অ্যাডভোকেট মুনিরউদ্দীন, রেবেকা সুলতানা, মো. সাকিবুর রহমান বাবলা, নাজমুল হাসানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, রোববার বেলা আড়াইটায় চারটি বিদ্যালয়ের অংশগ্রহণে সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আরও খবর