কলারোয়া প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ২:২৫:৪৪ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ কলারোয়া বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন। রোববার (২৩ আগস্ট) তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য কলারোয়া বিদ্যুৎ অফিসের সার্বিক কার্যক্রম, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও গ্রাহকসেবার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে এলাকার বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
কলারোয়া বিদ্যুৎ অফিসে পৌঁছালে অফিসের ডিজিএম মোহাম্মদ আখতার উজজামান সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তিনি বিদ্যুৎ অফিসের সার্বিক কার্যক্রম এবং সেবার বিভিন্ন দিক সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।
এ সময় সংসদ সদস্য বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহকদের ভোগান্তি কমানো এবং এলাকার মানুষের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ, কলারোয়া পৌর জামায়াতের আমির অধ্যাপক ডা. ইউনুস আলী বাবু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এ.কে.এম. কোরবান আলীসহ বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে সংসদ সদস্য বিদ্যুৎ অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁর পরিদর্শনকে কেন্দ্র করে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

















