শ্যামনগর

অপহরণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ২৪ আগস্ট ২০২৬ , ২:৪৮:০০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে স্কুলপড়ুয়া নাবালিকা মেয়েকে পুনরায় অপহরণের অভিযোগ তুলে ওই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মো. হাবিবুর রহমান (৪১)।

লিখিত বক্তব্যে হাবিবুর রহমান অভিযোগ করেন, রুদ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইয়াসিন আরাফাত (২১) গত ৭ মে ২০২৬ তারিখে তার নাবালিকা মেয়ে হাবিবা খাতুনকে (১৬) বন্ধুদের সহযোগিতায় অপহরণ করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। পরে থানা পুলিশের সহায়তায় তার মেয়েকে উদ্ধার করা হয়। মামলাটি বর্তমানে চলমান রয়েছে বলে জানান তিনি।

হাবিবুর রহমান আরও অভিযোগ করেন, গত ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় তার মেয়ে বাড়ির বাইরে যাওয়ার পর আর ফিরে আসেনি। রাত গভীর হলেও মেয়ের সন্ধান না পেয়ে তিনি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে স্থানীয় হাফিজুর ও স্বপনসহ কয়েকজন তাকে জানিয়েছেন, ইয়াসিন আরাফাত তার মেয়েকে নিয়ে গেছে বলে তারা দেখেছেন।

তিনি অভিযোগ করে বলেন, একই রাতে ইয়াসিন আরাফাতের ছোট চাচা মোজাম্মেল গাজী ওরফে ডিপজল (৩১) ও গফফার গাজী (৪০) ইয়াসিন আরাফাতদের বাড়িতে ভাঙচুর করেন। স্থানীয় অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে দাবি করেন তিনি।

হাবিবুর রহমানের অভিযোগ, ঘটনার পরদিন ওই ভাঙচুরের ঘটনায় তাকে ও তার পরিবারের সদস্যদের অভিযুক্ত করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। তার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং নাবালিকা মেয়েকে অপহরণের ঘটনাটি ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে ভাঙচুরের ঘটনার দায় তাদের পরিবারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপহরণের ঘটনাটি যেন ধামাচাপা না পড়ে এবং তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে যেন মিথ্যা মামলা দেওয়া না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে নিখোঁজ নাবালিকা মেয়েকে দ্রুত উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

আরও খবর