Hridoy Barta

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে ফিশিং বোটসহ উদ্ধার

সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামের ফিশিং বোটটি ১২ জন জেলেকে নিয়ে মাছ আহরণ করছিল। এ সময় সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সাগরে ভাসতে থাকে।

পরে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। এরপর বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটি শনাক্ত করা হয়। পরে বোটসহ ১২ জেলেকে নিরাপদে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে। উদ্ধার করা ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে বিপদে পড়া জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড সব সময় তৎপর রয়েছে। জরুরি উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।