পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, গোটা বিশ্বের জন্য অনন্য দিকনির্দেশনা। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নবীজির সততা, ক্ষমা ও পরোপকারের আদর্শ নিজেদের জীবনে ধারণ করতে হবে। তাহলেই সমাজ থেকে অন্ধকার দূর করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজয়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষিকা ওয়াহিদা সুলতানা ও সহকারী প্রধান শিক্ষক শফিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা, শেখ তাজুর রহমান, মনিরুজ্জামান, রবিউল ইসলাম, দীপাসিন্ধু, মমতাজ আহমেদ, সুলতানা পারভীন, জান্নাতুল ফেরদৌস, মো. হাবিবুল্লাহসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষণীয় জীবন, চরিত্র ও ইসলাম প্রচারের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।








