দেবহাটায় সর্বজনীন পেনশন নিয়ে মতবিনিময়

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ণ
দেবহাটা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব ও সুফল নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। প্রধান অতিথি ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের স্কিম ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) আলমগীর হোসেন।

সভায় সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক তুলে ধরে আলমগীর হোসেন বলেন, দেশের সর্বস্তরের মানুষের ভবিষ্যৎ জীবনকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মজীবনে নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ রয়েছে এ ব্যবস্থায়।

তিনি সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সভায় উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সাধারণ মানুষ, পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনকে এ বিষয়ে অবহিত করার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, ওসি (তদন্ত) রেজাউল করিম, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল এবং দেবহাটা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল।

এ ছাড়া দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, ছাত্রদল সভাপতি ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সর্বজনীন পেনশন স্কিমের প্রয়োজনীয়তা, এর বিভিন্ন সুবিধা এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তায় এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন