সাতক্ষীরা সদর উপজেলার তালতলা এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে। তার নাম কোহিনুর বেগম (৩৪)। তিনি সাতক্ষীরা শহরতলীর খেলারডাঙ্গী এলাকার মনসুর আলীর মেয়ে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কেৃর তালতলা এলাকায় একটি বিল থেকে তার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যানচালক শরিফুল ইসলাম বালু লোড দেওয়ার সময় মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে প্রস্রাব করতে যান। এ সময় তিনি বিলের মধ্যে এক নারীর লাশ দেখতে পান। বিষয়টি তিনি বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান।
পরে আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে কালো বোরখা পরিহিত ওই নারীর লাশ পানিতে ভাসতে দেখে সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া নারীর নাম কোহিনুর বেগম। তার বাড়ি খেলারডাঙ্গী এলাকায়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কোহিনুর বেগমের মৃত্যুর কারণ কীভাবে ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।







