সাতক্ষীরায় মানুষের দ্বারে জামায়াতের দাওয়াত

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউ মার্কেট এলাকার বিভিন্ন অলিগলি, চায়ের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে পথচারী, ব্যবসায়ী ও রিকশাচালকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় সংগঠনের পরিচিতিপত্র ও সহযোগী সদস্য হওয়ার ফরম বিতরণ করতে দেখা যায় তাদের।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এ সময় পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আব্দুল গফুরসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে নেতাকর্মীরা মানুষের সঙ্গে ইসলামের আদর্শ, জামায়াতের কার্যক্রম ও নৈতিক সমাজ গঠনের বিষয়ে কথা বলেন। পাশাপাশি আগ্রহী ব্যক্তিদের সংগঠনের সহযোগী সদস্য হওয়ার আহ্বান জানান।

রিকশাচালক আব্দুর রহিম বলেন, “আমাদের সঙ্গে কথা বলে তারা ইসলামের কথা বলেছেন এবং সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।”

জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “বাংলাদেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে কোরআন ও ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবন গঠন করতে হবে। এর মাধ্যমে সমাজে শুদ্ধতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।”

তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন