দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা নিরসনের দাবি

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিত করার লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ ও দেবহাটা উপজেলা পানি কমিটির যৌথ উদ্যোগে পারুলিয়া ট্রেড স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল।

উপজেলা পানি কমিটির সম্পাদক প্রফেসর রাজু আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ারেছীন কবির, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দিলীপ কুমার সানা, টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, উত্তরণের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি এবং প্রকল্প মাঠ সংগঠক গোলাম হোসেন।

সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত সচল করার ওপর গুরুত্বারোপ করেন। প্রাকৃতিক পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে নদীর পাশাপাশি এলাকাভিত্তিক জলাধার ও নালা-নর্দমা ব্যবস্থা জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারা।

পানির মূল আধার হিসেবে সরকারি খাল পুনঃখননের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা অনুযায়ী সরকারি খালগুলো পুনঃখনন করা হলে এলাকার পানির তীব্র সংকট অনেকটাই দূর হবে।

সভায় জলাবদ্ধতা দূরীকরণে প্রাকৃতিক ও কারিগরি সমাধান হিসেবে ‘টিআরএম’ (টাইডাল রিভার ম্যানেজমেন্ট/জোয়ার-ভাটা নদী ব্যবস্থাপনা) অবিলম্বে চালুর জোর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, “সাতক্ষীরা অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী নিরসন কেবল নদী বা খাল খনন করে সম্ভব নয়, কারণ পলি জমে তা আবার ভরাট হয়ে যায়। টিআরএম চালুর মাধ্যমে নদীর জোয়ারের পলিযুক্ত পানি পরিকল্পিতভাবে নির্দিষ্ট বিলে প্রবেশ করিয়ে পলি জমা করা এবং ভাটার টানে নদী-খালের নাব্য সচল রাখাই একমাত্র প্রাকৃতিক ও টেকসই পথ। অবিলম্বে দেবহাটার নদী ও খালের সঙ্গে টিআরএম সংযোগ না করলে প্রতি বছরই বিশাল কৃষিজমি ও লোকালয় পানির নিচে তলিয়ে থাকবে।”

সভা থেকে দেবহাটা অঞ্চলের পানির সমস্যা সমাধানে টিআরএম বাস্তবায়ন এবং সরকারি খাল পুনঃখননে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সভায় স্থানীয় পানি কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন