ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রুবেল

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ণ
সাহাদাত হোসেন রাজ

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাকদীর আহসান রুবেল।

১০ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অনুমোদনক্রমে তাকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। বোর্ড কর্তৃক অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. তাকদীর আহসান রুবেলের নাম উল্লেখ করা হয়েছে।

এডহক কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. হাবিবুর রহমান, অভিভাবক সদস্য হিসেবে আবু শামিম মো. শহিদুজ্জামান এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম রয়েছেন।

নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনাসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে দায়িত্ব পালন করবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কমিটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এদিকে, তাকদীর আহসান রুবেলকে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

বিজ্ঞাপন