বিদ্যুৎ নেই। অথচ প্রিপেইড মিটারে টাকা ঢোকানোর চেষ্টাও ব্যর্থ। বিকাশে পেমেন্ট করতে গিয়ে সমস্যা, আবার বিদ্যুৎ অফিসে গিয়েও মিলছে না রিচার্জের সুযোগ। সার্ভার জটিলতায় এমন পরিস্থিতিতে সাতক্ষীরায় বিপাকে পড়েছেন শত শত প্রিপেইড গ্রাহক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় এ ভোগান্তি শুরু হয়। অনেক গ্রাহক মিটারে ব্যালেন্স শেষ হওয়ার আগেই বিকাশের মাধ্যমে রিচার্জের চেষ্টা করেন। কিন্তু সার্ভার জটিলতার কারণে পেমেন্ট সম্পন্ন না হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে সরাসরি পাওয়ার হাউসে গিয়েও রিচার্জ করতে না পেরে ফিরে আসতে হয়েছে অনেককে।
সাতক্ষীরা শহরের ব্যবসায়ী সাগর হোসেন বলেন, ‘বিকেল থেকে বিদ্যুৎ নেই। প্রচণ্ড গরমে বসে আছি। বিদ্যুৎ যাওয়ার আগেই বিকাশের মাধ্যমে মিটারে টাকা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পেমেন্ট হয়নি। পরে সাতক্ষীরা পাওয়ার হাউসে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করলেও সেখান থেকে জানানো হয়, সার্ভারের সমস্যার কারণে এখন পেমেন্ট নেওয়া সম্ভব নয়।’
আরেক ব্যবসায়ী রাহুল হোসেন বলেন, ‘মিটারে টাকা না থাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। অনলাইনে কয়েকবার রিচার্জের চেষ্টা করেও পারিনি। পরে অফিসে এসে দেখি সেখানেও একই সমস্যা। বিদ্যুৎ না থাকা অবস্থায় দ্রুত রিচার্জের সুযোগ না থাকলে আমাদের ব্যবসা ও দৈনন্দিন কাজ দুটোই ব্যাহত হচ্ছে।’ ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রিপেইড মিটারে রিচার্জের জন্য বিকাশসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে চেষ্টা করেও অনেকে সফল হননি। এরপর বিদ্যুৎ অফিসে গিয়ে রিচার্জের চেষ্টা করলেও সার্ভার সমস্যার কারণে সেখান থেকেও তাদের ফিরে আসতে হয়েছে।
বিশেষ করে মিটারে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরও রিচার্জ করতে না পারায় বিপাকে পড়েছেন বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের গ্রাহকরা। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।
এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে সোমবার সন্ধ্যার পর সাতক্ষীরা পাওয়ার হাউসের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সার্ভার জটিলতার কারণে প্রিপেইড মিটারে রিচার্জ কার্যক্রম ব্যাহত হচ্ছে। সমস্যা সমাধানের জন্য কাজ চলছে। তবে স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দ্রুত সার্ভার জটিলতা নিরসন করে প্রিপেইড মিটারে রিচার্জ কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।







