মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মারামারি ঠেকাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. জাকারিয়া খান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া শহরের ঐতিহ্যবাহী রুচিরা বেকারির মালিক আলহাজ আব্দুর গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় চায়ের দোকানদারের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দোকানদারকে রক্ষা করতে এবং মারামারি থামাতে এগিয়ে যান জাকারিয়া।

এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিদের একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় জাকারিয়া মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন