আশাশুনিতে ১৫০ পরিবারকে শাড়ি দিলেন এমপি রবিউল বাশার

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ণ
আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫০টি হিন্দু পরিবারের মধ্যে শাড়ি এবং সাতজন অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
অনুষ্ঠানে সাতজন অসহায় ও দুস্থ ব্যক্তিকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ১৫০টি পরিবারের মধ্যে একটি করে শাড়ি বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল বাশার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপন করতে হবে।
তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে জন্য সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার। বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সম, বুধহাটা কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সংসদ সদস্যের এপিএস শরিফুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, মহিলা কলেজের প্রভাষক রতন কুমার অধিকারী, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানানো হয়।

বিজ্ঞাপন