সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কেশবপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়েছে রসুলপুর ফুটবল একাদশ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নগরঘাটা কালীবাড়ি ফুটবল মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে বাদ্যযন্ত্রের তালে তালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।
সভাপতির বক্তব্যে মহব্বত আলী সরদার তরুণ সমাজকে অনলাইন জুয়া, মাদক ও সামাজিক বিশৃঙ্খলা থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের খেলাধুলা, বিনোদন ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে হবে।
খেলায় শুরু থেকেই দুই দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে অংশ নেয়। ৬০ মিনিটের ম্যাচের দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ১১ নম্বর জার্সিধারী রায়হানের করা গোলে এগিয়ে যায় রসুলপুর ফুটবল একাদশ। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রসুলপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদ হোসেন মিলন, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সাহেব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ইনসাফ আলী সরদার ও সাংবাদিক মারুফ হোসাইন।
খেলায় ধারাভাষ্য দেন ওমর আলী সবুজ ও ইকবাল হোসেন। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।







