আকিজ রিসোর্সের ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
মোঃ আবু রায়হান

সাতক্ষীরায় দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা বিজনেস মিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মতবিনিময় সভা ও র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার, পণ্যের বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার জুবায়ের শফিক। তিনি ইনোভার-এর অগ্রযাত্রা, ব্যবসায়িক অংশীদারদের অবদান এবং ব্র্যান্ডটির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মাদ মীর মোসারফ হোসেন। তিনি ইনোভার-এর ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার মোহাম্মাদ কামরুজ্জামান, রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মাদ এনামুল হকসহ সাতক্ষীরা, মৌতলা ও কলারোয়ার পরিবেশক এবং খুচরা বিক্রেতারা।

বক্তারা ব্যবসায়িক অংশীদারদের ইনোভার-এর সঙ্গে থেকে ব্র্যান্ডটির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্বে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মধ্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন