আশাশুনিতে পুলিশের অভিযানে সাবেক চেয়ারম্যান পলাশসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ণ
আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কচুয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন সরদারের ছেলে মো. ওমর সাকি ফেরদৌস পলাশ (৪৩) এবং বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে মো. জহিরুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে আশাশুনি থানার ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৭ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০ ও ১২ ধারায় মামলা রয়েছে।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন পাইকগাছার সিআর-১৩৫৬/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে মো. সাইফুল গাজী (৩৬), সিসি-২৩৯/২৫ মামলার পরোয়ানাভুক্ত বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে মো. আবু রাশেদ গাজী এবং কালিগঞ্জের সিআর-১৯৬/১৬ মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত উত্তর গোদাড়া গ্রামের মৃত সাহাব উদ্দীনের ছেলে আবুল কালাম (৫৭)।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান বলেন, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে দুজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। অপর তিনজন বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত। বিশেষ অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক, সন্ত্রাস, নাশকতা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

গ্রেপ্তার পাঁচজনকে সোমবার দুপুরে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন