সাতক্ষীরার তালা উপজেলার তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে। প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে ওই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন এক সার ব্যবসায়ী।
সোমবার (২ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহিনুর ইসলাম। তিনি উপজেলার বারুইহাটি গ্রামের নজরুল ইসলাম সরদারের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিনুর ইসলাম বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে তালা বাজারে সুনামের সঙ্গে সার ও কীটনাশকের ব্যবসা করে আসছেন। সরকার নতুন করে সার ডিলার নিয়োগের নির্দেশনা দেওয়ার পর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অবৈধ লেনদেনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে ডিলারশিপ দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, বারুইহাটি গ্রামের মেসার্স নূরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ তাঁর পর্যাপ্ত ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। এ ছাড়া তাঁর বাবা সরকারি প্রতিষ্ঠান বিআরডিবির চেয়ারম্যান এবং মা সরকারি চাকরি থেকে পেনশনভোগী। তাঁর আপন ভাইও সার সাবডিলার হিসেবে ব্যবসা করেন বলে দাবি করেন শাহিনুর ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, ডিলার নিয়োগের জন্য গোডাউন পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কক্ষে ইরানী হোমিও ফার্মেসির কার্যক্রম চলছিল। পরবর্তী সময়ে ওই কক্ষটিকেই সারের গোডাউন হিসেবে দেখানো হয়েছে। এতে গোডাউন পরিদর্শন ও যাচাই-বাছাইয়ের যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পুনরায় যাচাই-বাছাই, উত্থাপিত অভিযোগ তদন্ত এবং বিতর্কিত ডিলারশিপ বাতিলের দাবি জানান শাহিনুর ইসলাম। একই সঙ্গে প্রকৃত সার ব্যবসায়ীদের ডিলারশিপ প্রদান ও কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, নতুন করে তদন্তের নির্দেশনা পেলে তাঁর দপ্তর থেকে সঠিকভাবে তদন্ত করা হবে।







