উপকূলের প্রতিকূল পরিবেশকে হার মানিয়ে স্বল্প জায়গায় গড়ে উঠেছে মাছ, ফল, সবজি, বীজ ও প্রাণবৈচিত্র্যের সমন্বিত খামার
শ্যামনগরের উপকূলীয় জনপদে জলবায়ু পরিবর্তনের অভিঘাত আজ আর ভবিষ্যতের কোনো শঙ্কা নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। লবণাক্ত মাটি, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, তীব্র তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে হয় মানুষকে। এমন প্রতিকূল পরিবেশে অনেকেই যখন কৃষি ছেড়ে বিকল্প জীবিকার খোঁজে ছুটছেন, তখন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কদমতলা গ্রামের চন্দনা রানী দেখিয়েছেন ভিন্ন এক পথ। সীমিত জমি, সামান্য সম্পদ আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে তিনি গড়ে তুলেছেন জলবায়ু-সহনশীল এক কৃষি মডেল, যা আজ আশপাশের মানুষের কাছেও অনুপ্রেরণার নাম।
চন্দনার বাড়িতে ঢুকলেই বোঝা যায়, এটি শুধুই একটি বসতভিটা নয়; যেন ছোট্ট একটি জীবন্ত কৃষি-প্রকৃতি কেন্দ্র। কোথাও সারিবদ্ধ বস্তায় আদা চাষ, কোথাও ফেলে দেওয়া টিন বা পøাস্টিকের পাত্রে মরিচ গাছ। উঠানে মাচার ওপর সবুজ সবজির সমারোহ, পুকুরে দেশীয় মাছের চাষ, চারপাশে ফলদ ও ঔষধি গাছের সারি। হাঁস-মুরগি, ছাগল ও গবাদিপশুও এই ব্যবস্থার অংশ। বাড়ির প্রতিটি কোণ যেন উৎপাদনের সঙ্গে যুক্ত।
মাত্র ৩০ শতক জমিতে বসবাস করেন ৩০ বছর বয়সী চন্দনা রানী। স্বামী রঞ্জন মন্ডল একজন দিনমজুর। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাদের ছোট সংসার। কয়েক বছর আগেও পরিবারের প্রধান ভরসা ছিল স্বামীর অনিয়মিত আয়। কিন্তু এখন চিত্র বদলেছে। কৃষি, পশুপালন, বীজ সংরক্ষণ, নার্সারি এবং সেলাইয়ের কাজ মিলিয়ে তৈরি হয়েছে একাধিক আয়ের উৎস। ফলে সংসারে ফিরেছে স্বস্তি, বেড়েছে সঞ্চয়ও।
উপকূলীয় কৃষির সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো লবণাক্ততা। শ্যামনগরে অনেক জমিতে আগের মতো ফসল হয় না। কোথাও সেচের পানি পাওয়া যায় না, কোথাও মাটির গুণাগুণ নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে একক কোনো ফসলের ওপর নির্ভরতা কৃষকদের জন্য ঝুঁকিপূর্ণ। চন্দনা সেই ঝুঁকি বুঝেই কৃষিতে এনেছেন বৈচিত্র্য।
তাঁর খামারে একই সঙ্গে রয়েছে শাকসবজি, ফলদ গাছ, স্থানীয় জাতের হাঁস-মুরগি, ছাগল, গরু, দেশীয় মাছ এবং ঔষধি উদ্ভিদ। পাশাপাশি তিনি গড়ে তুলেছেন স্থানীয় প্রজাতির চারা উৎপাদনের একটি নার্সারি। এতে একদিকে যেমন পরিবারের খাদ্যচাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত পণ্য বিক্রি করে বাড়তি আয়ও হচ্ছে।
চন্দনার কৃষি ব্যবস্থার অন্যতম আকর্ষণ হলো তিন স্তরবিশিষ্ট উৎপাদন পদ্ধতি। পুকুরে মাছ, পুকুরের ওপর মাচায় সবজি এবং পাড়জুড়ে ফলদ বৃক্ষ। অর্থাৎ একই জায়গা থেকে একসঙ্গে মাছ, ফল ও সবজি উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে এ ধরনের সমন্বিত কৃষি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখতে পারে।
শুধু উৎপাদন বাড়ানো নয়, সম্পদের টেকসই ব্যবহারের দিকেও নজর দিয়েছেন তিনি। লবণাক্ততা ও পানি সংকটের বাস্তবতায় বাড়িতে বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা করেছেন। রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করেন জৈব সার, আর কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক। রান্নার জন্য ব্যবহার করেন জ্বালানিসাশ্রয়ী পরিবেশবান্ধব চুলা। ফলে উৎপাদনের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
চন্দনা রানীর ভাষায়, “আমরা নিজেরা বিষ খাই না, অপরকেও বিষ খাওয়াতে চাই না। সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে উন্নয়ন সম্ভব।”
তবে চন্দনার গল্প কেবল নিজের সাফল্যের গল্প নয়। তিনি বুঝেছেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ একা মোকাবিলা করা সম্ভব নয়। তাই এলাকার নারীদের নিয়ে গড়ে তুলেছেন একটি সংগঠন। বিভিন্ন সামাজিক, মানবিক ও পরিবেশবিষয়ক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নারীদের কৃষিতে সম্পৃক্ত করতেও কাজ করছেন তিনি।
আরও একটি ব্যতিক্রমী উদ্যোগ হচ্ছে তাঁর গড়ে তোলা দেশীয় বীজ ব্যাংক। এখানে স্থানীয় জাতের বীজ সংরক্ষণ, বিনিময় ও সম্প্রসারণের কাজ করা হয়। কৃষকের হাতে নিজস্ব বীজ থাকলে বাজারনির্ভরতা কমে, উৎপাদন ব্যয়ও হ্রাস পায়। পাশাপাশি সংরক্ষিত থাকে স্থানীয় কৃষি ঐতিহ্য ও জীববৈচিত্র্য। তিনি মাটির তৈরি হাজল ব্যবহার করে হাঁস-মুরগির ডিম ফোটানোর পুরোনো পদ্ধতিও ধরে রেখেছেন।
কৃষিবিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণ, কৃষিতে বৈচিত্র্য আনা, স্থানীয় জাত সংরক্ষণ এবং জৈব উৎপাদন পদ্ধতি গুরুত্বপূর্ণ অভিযোজন কৌশল। চন্দনার খামারে এসব কৌশলের সমন্বিত প্রয়োগের একটি বাস্তব উদাহরণ দেখা যায়।
নিজের উৎপাদিত পণ্য তিনি স্থানীয় বাজার ও আশপাশের এলাকায় বিক্রি করেন। পাশাপাশি সেলাইয়ের কাজ থেকেও নিয়মিত আয় হয়। ফলে একটি মাত্র আয়ের উৎসের ওপর নির্ভর না করে পরিবারটি গড়ে তুলেছে বহুমাত্রিক জীবিকা ব্যবস্থা, যা দুর্যোগ কিংবা অর্থনৈতিক সংকটের সময়েও টিকে থাকার শক্তি জোগায়।
চন্দনা বলেন, “এখন আমার পরিবারের সচ্ছলতা ফিরে এসেছে। আমি নিয়মিত সঞ্চয় করছি। আমার স্বপ্ন, ঘরটি আরও সুন্দর করব এবং ছেলে-মেয়েকে ভালোভাবে লেখাপড়া শেখাব।”
শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের কৃষিতে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে বসতবাড়িভিত্তিক বহুমুখী কৃষি, স্থানীয় জাতের বীজ সংরক্ষণ, জৈব পদ্ধতিতে ফসল উৎপাদন এবং বৃষ্টির পানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দনা রানীর মতো উদ্যোগ কৃষিতে বৈচিত্র্য আনার পাশাপাশি পারিবারিক পুষ্টি ও আয় বৃদ্ধিতে সহায়ক।”
চন্দনার উঠানের প্রতিটি গাছ, প্রতিটি বীজ আর প্রতিটি সবজি যেন একেকটি বার্তা বহন করে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলেও আশা হারানোর কারণ নেই। স্থানীয় জ্ঞান, শ্রম, উদ্ভাবন এবং সঠিক সহায়তা পেলে সীমিত সম্পদ দিয়েও গড়ে তোলা যায় টেকসই কৃষির এক নতুন দিগন্ত। কদমতলার সেই ছোট্ট উঠানে দাঁড়িয়ে তাই মনে হয়, জলবায়ুর বিরুদ্ধে এই লড়াই শুধু একজন নারীর ব্যক্তিগত সংগ্রাম নয়; এটি উপকূলের ভবিষ্যৎ কৃষির সম্ভাবনারও একটি উজ্জ্বল প্রতিচ্ছবি।







