সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুরে অবস্থিত ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. সালাউদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিধি অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম সম্পন্ন করতে কলেজের গভর্নিং বডির সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত ৪ নভেম্বর ২০২৬ তারিখের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, এস. এম. সালাউদ্দিন ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর থেকে বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এ কারণে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৩ জানুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুসারে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অধ্যক্ষের পদ শূন্য হলে বা তাঁর অনুপস্থিতিতে উপাধ্যক্ষ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিষয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ১০ জনের তালিকা প্রস্তুত করতে হবে। পরে গভর্নিং বডির প্রস্তাব অনুযায়ী ওই তালিকা থেকে তিনজনের প্যানেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।
এ ছাড়া গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ১৮ ধারা অনুযায়ী সভা আহ্বান করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন এবং নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এখন থেকে এস. এম. সালাউদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
এদিকে, এস. এম. সালাউদ্দিনের বিরুদ্ধে নিয়োগ ও ভর্তি বাণিজ্য এবং একাদশ শ্রেণিতে অতিরিক্ত ভর্তি ফি আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ নির্দেশনার পর কলেজটির প্রশাসনিক কার্যক্রম ও নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।







