মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়ে তুলতে সংগঠনের সব পর্যায়ের দায়িত্বশীলদের ত্যাগ, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জতুল্লাহ।
তিনি বলেন, সাতক্ষীরা জেলার সাংগঠনিক ময়দান শহীদের রক্তস্নাত ময়দান। এ ময়দানে দ্বীনের বিজয় প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের নিরলস পরিশ্রম করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় আল-আমিন ট্রাস্টে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইজ্জতুল্লাহ বলেন, দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা কিংবা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। আনুষ্ঠানিকতার পরিবর্তে ভালোবাসা, আন্তরিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করতে হবে।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আমিরের দায়িত্ব ব্যক্তিগত পদমর্যাদা বা সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুদায়িত্ব ও আমানত। এ দায়িত্ব যথাযথভাবে পালনে মহান আল্লাহর সাহায্যের পাশাপাশি সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, জেলা জামায়াতের সব পর্যায়ের নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করবেন। এ জন্য তিনি সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা ও ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ডা. মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক ও মাওলানা উসমান গনি। এ ছাড়া জেলা জামায়াতের কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য, বিভিন্ন উপজেলা জামায়াতের আমির, নায়েবে আমির ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটে নির্বাচিতদের মধ্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সাতক্ষীরা জেলা জামায়াতের আমির হিসেবে পুনর্নির্বাচিত হন। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।







