জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শ্যামনগর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর মডার্ন স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা শিল্পকলা একাডেমির অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরপর বিভিন্ন শ্রেণি-পেশার নবীন ও প্রবীণদের অংশগ্রহণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. পিয়ার উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।







