ডেস্ক রিপোর্ট ৯ জুলাই ২০২৫ , ৪:৫৫:৫৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী-রমজাননগর প্রধান সড়কে অবস্থিত একটি কালভার্ট যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। হারু গায়েনের বাড়ির সন্নিকটে থাকা কালভার্টটির উপরের অংশ দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে, আর তাতেই সৃষ্টি হয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। প্রতিদিন শত শত মানুষ Í বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইকসহ ঝুঁকি নিয়ে এই কালভার্ট অতিক্রম করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরজুড়েই কালভার্টটির এমন বেহাল দশা। মাঝে মাঝে অস্থায়ীভাবে কিছু মেরামত কাজ হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। বর্ষা এলেই অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। প্রবল পানির চাপ ও স্রোতে কালভার্টের নিচের অংশ ক্ষয়ে যাচ্ছে, ফলে যেকোনো মুহূর্তে পুরো কাঠামোটি ভেঙে পড়তে পারে।
স্থানীয় বাসিন্দা শিবপদ গায়েন, বাঞ্চারাম মন্ডল, শৌলেন্দ্র নাথ সরকার, অবনি চন্দ্র মৃধা, নিরাপদ মন্ডল ও নিতাই পদ গায়েন বলেন, “প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাফেরা করি। কালভার্ট পার হতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন। তবু কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী পর্যন্তÍসবার জন্যই এই ভাঙা কালভার্ট একটি আতঙ্কের নাম। সামান্য অসতর্কতায় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। এমনকি রাতে আলোর অভাবে অনেকেই এই স্থান চিনতে না পেরে কালভার্টের ফাঁকা স্থানে পড়ে যাচ্ছেন।
শ্যামনগর উপজেলা সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী আব্দুস সামাদ জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। গুরুত্ব দিয়ে কাজ করার প্রস্তুতি চলছে।”
রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হামিদ লাল্টুও আশ্বাস দিয়েছেন, “এটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কারের চেষ্টা করা হবে।”
তবে শুধু আশ্বাসে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা বলছেন, “শুধু কথা দিয়ে তো হবে না, কাজ করে দেখাতে হবে। আমাদের দাবি এই কালভার্টটির দ্রুত পূর্ণ সংস্কার হোক। না হলে বড় কোনো দুর্ঘটনার দায় প্রশাসন এড়াতে পারবে না।”
তীব্র জনদুর্ভোগ ও সম্ভাব্য প্রাণহানির আশঙ্কায় এলাকাবাসী শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন।

















