সাতক্ষীরার শ্যামনগরে শিয়াল তাড়াতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়েছিল একটি মুরগির খামারে। সেই ফাঁদেই মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন রূপবান বেগম (৪৫) নামে এক গৃহবধূ। বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রূপবান বেগম স্থানীয় জহুর আলী মোল্লার স্ত্রী। তিনি সকালে ছাগলের জন্য ঘাস কাটতে পাশের ‘সুন্দরবন প্রজেক্ট’ নামের একটি মুরগির খামারে যান। খামারের ম্যানেজার মাকসুদ আগের দিন তাকে ঘাস কাটার পরামর্শ দিয়েছিলেন বলে জানান নিহতের ছেলে আব্দুর সবুর।
দুপুর গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে খামারের ভেতর বিদ্যুতায়িত অবস্থায় রূপবান বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, শিয়ালের উপদ্রব থেকে বাঁচতে খামারটি জিআই তার দিয়ে ঘিরে রাখা হয় এবং রাতে সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এদিন সকালে কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন না করায় ঘটে যায় এ দুর্ঘটনা।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের ক্ষোভÍ“মানুষ মারার মতো ফাঁদ পাতা কি কোনোভাবেই যৌক্তিক?”
সুন্দরবন প্রজেক্টের মালিক নুর ইসলাম বলেন, “শিয়ালের উপদ্রব ঠেকাতে আমরা রাতে বিদ্যুৎ সংযোগ দিই। সম্ভবত ম্যানেজার মাকসুদ সকালে সংযোগ বন্ধ করেননি। বিষয়টি দুঃখজনক।”
তবে দুর্ঘটনার খবর জানাজানি হতেই খামারের মালিকপক্ষ ও কর্মচারীরা স্থান ত্যাগ করে বলে অভিযোগ উঠেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
স্থানীয়দের অভিযোগ, “এভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতা চরম অবহেলা ও মানবজীবনের প্রতি অবজ্ঞা। এমন দায়িত্বজ্ঞানহীনতার ফলেই একজন নিরীহ নারী প্রাণ হারালেন।”
এদিকে গৃহবধূ রূপবান বেগমের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকাবাসী শোকাহত। একই সঙ্গে খামার মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
সতর্কতা জরুরি: এ ঘটনায় প্রাণহানির পাশাপাশি প্রশ্ন উঠেছেগ্রামীণ এলাকায় এ ধরনের বিদ্যুৎ ফাঁদ কতটা আইনসঙ্গত ও নিরাপদ? স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগকে বিষয়টি নজরে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সচেতন মহল।
শ্যামনগরে মুরগির খামারে ‘মৃত্যু ফাঁদ’, বিদ্যুতে ঝলসে প্রাণ হারালেন গৃহবধূ
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৫:১৯ অপরাহ্ণ
HridoyBarta







