জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুমানতলী কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫”। বুধবার (৩১ জুলাই) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিতর্ক, বক্তব্য প্রদান, উপস্থাপনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ করণীয় বিষয়কে ঘিরেই ছিল প্রতিটি পরিবেশনা।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে দলের নেতৃত্ব দেন মাদ্রাসার ছাত্র এবিএম কাইয়ুম রাজ। যুক্তিনির্ভর উপস্থাপনা, আত্মবিশ্বাস এবং বাস্তবমুখী বিশ্লেষণের জন্য তিনি বিচারকমণ্ডলীর বিশেষ প্রশংসা পান এবং তার দল প্রথম স্থান অধিকার করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন কল্পনা নয়, বাস্তব। শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টিই সময়ের বড় চ্যালেঞ্জ।” তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবিষয়ক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আফজাল হোসেন। এতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সকালব্যাপী এ শিক্ষামূলক আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশ-সচেতন মনোভাব ও উপস্থাপনাশৈলী উপস্থিত সকলের নজর কাড়ে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন অনেকেই।







