বিনোদন ডেস্ক : ২ আগস্ট ২০২৫ , ১২:১৭:৫৭ অনলাইন সংস্করণ
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)। এবারের উৎসবটি বিশেষ হয়ে উঠেছে কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে। উৎসবে রিস্টোর করা তার দুটি কালজয়ী সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শিত হবে।
এ উৎসবে এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি আলোচিত প্রজেক্ট। তার একটি মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘সাবা’ এবং অন্যটি হলো নুহাশ হুমায়ূনের নির্মিত হরর সিরিজ ‘২ষ’।
মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন মেহজাবীন চৌধুরী। গল্পটি আবর্তিত হয়েছে শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবাকে ঘিরে। যার বাবা মারা গেছেন, মা শয্যাশায়ী, আর পরিবারের হাল ধরতে গিয়ে নিজের স্বপ্ন-আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছেন সে। মায়ের হঠাৎ হার্ট অ্যাটাকের পর শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। এই আবেগঘন বাস্তবতায় নির্মিত সিনেমাটি মেলবোর্ন উৎসবে ১৭ আগস্ট প্রদর্শিত হবে।
বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে টালিউডের কয়েকটি চলচ্চিত্র। রয়েছে তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহার ‘বাক্স বন্দী’, সুমন ঘোষের ‘পুরাতন’, এবং প্রমিতা ভৌমিকের ‘অহনা’।











