শ্যমনগর প্রতিনিধি ৫ আগস্ট ২০২৫ , ৩:০৫:৩২ অনলাইন সংস্করণ
আওয়ামী ফ্যাসিবাদের পতন ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন কলেজ শাখার উদ্যোগে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মহসীন কলেজ প্রাঙ্গন থেকে সাইকেল র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। শ্যামনগর পৌর শাখা শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়াম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য সম্পাদক জাহিদ হাসান, শ্যামনগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আমিনুর রহমান ও পূর্ব শাখার সভাপতি রাশিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ১৫ বছরের ফ্যাসিবাদের অবসান ঘটেছিল। আজ সেই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্ণ হলেও শহীদদের রক্তের বিচার হয়নি।” তারা অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
এসময় বক্তারা শিক্ষা ব্যবস্থার ধ্বংসযজ্ঞের সমালোচনা করে দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন ও যুব উপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

















