শ্যামনগর

নাভারণ-মুন্সিগঞ্জ রেলসংযোগ বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি ইউএনওর কাছে

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ১৮ আগস্ট ২০২৫ , ৪:৪১:২৩ অনলাইন সংস্করণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার বাসীদের দীর্ঘদিনের স্বপ্ন, নাভারণ–সাতক্ষীরা মুন্সিগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবিতে “রেল আন্দোলন, সাতক্ষীরা” শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে স্মারকলিপি প্রদান করেছে। সোমবার, ১৮ আগস্ট ২০২৫ তারিখে ইউএনওর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি গ্রহণ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় ২২ লাখ জনসংখ্যার এই জেলা দীর্ঘ ১১১ বছর ধরে আধুনিক রেলযোগাযোগ ব্যবস্থার অপেক্ষায় রয়েছে। সরকারি অনুমোদিত রেলপ্রকল্প থাকলেও অর্থায়নের অভাবে তা বাস্তবায়ন হয়নি, যা জনদূর্ভোগ ও আঞ্চলিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সাতক্ষীরা একটি কৃষিনির্ভর জেলা। এখানকার কৃষক ও মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে পৌঁছে দেওয়ার জন্য রেলপথ অপরিহার্য। ভোমরা স্থলবন্দর ও বসন্তপুর নৌবন্দর সংযুক্ত হলে আন্তর্জাতিক বাণিজ্যেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এছাড়া, পর্যটন শিল্পের বিকাশেও এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্মারকলিপিতে বলা হয়েছে, নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ৯৮.৪২ কিমি দীর্ঘ রেলপথ নির্মিত হলে সুন্দরবন সংলগ্ন অঞ্চলের পর্যটন শিল্পে নতুন গতি আসবে। পর্যটকদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
অস্ট্রেলিয়ার ক্যানারেইল কোম্পানি লিমিটেড ইতোমধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে প্রতিবেদন প্রস্তুত করেছে।
রেল আন্দোলনের নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেছেন, “সাতক্ষীরাবাসীর স্বপ্নের রেললাইন চাই। শ্যামনগর উপজেলার সকল সহযোদ্ধা ভাই ও বোনদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।”
স্মারকলিপি গ্রহণকালে ইউএনও মহোদয়া আশ্বস্ত করেন, এটি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে এবং বিষয়টি গুরুত্ব সহকারে অনুসরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল আন্দোলন সাতক্ষীরার সদস্য মোমিনুর রহমান, সাইফুদ্দীন, হাফিজ, মাসুম বিল্লাহ, জাহিদ হাসান ও হাফেজ আমীর হামজা প্রমুখ।
জনস্বার্থে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। সাতক্ষীরাবাসী আশা প্রকাশ করেছেন, প্রশাসনের আন্তরিকতা ও সরকারি সদিচ্ছার মাধ্যমে বহু প্রতীক্ষিত রেললাইন বাস্তবায়ন হবে।

আরও খবর