আমেরিকার নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর আওয়ামীলীগ কর্তৃক হামলার তীব্র প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মুজিবর রহমানের নেতৃত্বে শ্যামনগর স্ট্যান্ডে এ বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশে অবৈধভাবে দমন-পীড়ন ও স্বৈরাচারী শাসন চালানো হয়েছে। গণআন্দোলনের মুখে তারা দেশ থেকে বিতাড়িত হলেও এখনো বিদেশের মাটিতে অপতৎপরতা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রেরই অংশ।
প্রধান সমন্বয়কারী মুজিবর রহমান তার বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন— “এ ধরনের সন্ত্রাসী হামলা প্রবাসেও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।” তিনি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল, মোখলেছুর রহমান, মেহেদী হাসান ও ফারুক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।







