শ্যামনগর

শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন আটক

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ৮ নভেম্বর ২০২৫ , ১:৪৩:৩৮ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন—খুলনার কয়রা উপজেলার ইমানপাড়া গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র বেল্লাল হোসেন এবং দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁ’র পুত্র আযহারুল ইসলাম খান জাহান।

এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অভীক বড়াল বাদী হয়ে শনিবার অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে গাবুরা ইউনিয়নের চৌদ্দরশী ব্রিজ এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে—একদল ডাকাত গাবুরা গ্রামের আলী হায়দারের চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

সংবাদের ভিত্তিতে এসআই অভীক বড়াল সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এলাকা ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দিকবিদিক ছুটে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়, বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে দুটি হাতলবিহীন লোহার কুঠার, একটি কাঠের বাটযুক্ত হাতুড়ি, সাতটি স্কয়ার রড, পাঁচটি লোহার পাত, ১৫টি স্প্রিং এবং ১০টি ড্রিল বিটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা জানান, “আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনার কয়রা ও দাকোপ থানায়ও একাধিক মামলা রয়েছে।”

আরও খবর