মোঃ সাহেব আলী, শ্যামনগর প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:১০:৫৬ অনলাইন সংস্করণ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক ডমিনেশন পেট্রোলিং ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা, বাগেরহাট ও ঝালকাঠি জেলার অন্তর্গত মোট ১৬টি উপজেলায় ২০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়মিত টহল, বিভিন্ন চেকপোস্ট ও সন্দেহভাজন পয়েন্টে যানবাহন ও ব্যক্তির দেহ তল্লাশি চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রæয়ারি) দুপুরে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র প্রধান কার্যালয়ের গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব এসব তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়কে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা ছাড়াও গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, হাটবাজার ও জনসমাগমপূর্ণ স্থানে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তির দেহ তল্লাশির মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও যেকোনো নাশকতামূলক কর্মকাÐ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব আরও জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ টু-এর আওতায় বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। পরিস্থিতির প্রয়োজনে টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এদিকে বিজিবির এই তৎপরতায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, বিজিবির সক্রিয় উপস্থিতিতে নির্বাচনকালীন সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

















