শ্যামনগর

মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে দুই বনজীবী অপহরণ

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ৩ মে ২০২৬ , ৪:৫২:২৪ অনলাইন সংস্করণ

পশ্চিম সুন্দরবন এর সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের হাতে দুই বনজীবী অপহরণের ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) সকালে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল এলাকা থেকে তাদের জিম্মি করা হয়।

অপহৃতরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে ইসমাইল শেখ (২৮) এবং মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম (৪৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, কুখ্যাত আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা এ অপহরণের সঙ্গে জড়িত।

ফিরে আসা বনজীবী আকবর আলীসহ অন্যরা জানান, গত ২৬ ও ২৮ এপ্রিল বনবিভাগের অনুমতি (পাস) নিয়ে বিভিন্ন দল সুন্দরবনে প্রবেশ করে। ইসমাইল শেখ মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের উদ্দেশ্যে বনে গিয়েছিলেন। রোববার সকালে তারা মাহমুদা নদীতে অবস্থানকালে দুইটি নৌকায় করে আসা জলদস্যুরা তিনটি নৌকার মধ্যে থেকে তাদের জিম্মি করে নিয়ে যায়।

অপহরণের পর এখনো পর্যন্ত কোনো মুক্তিপণের নির্দিষ্ট অঙ্ক জানানো হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, অপহরণের বিষয়ে তাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, “সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্বজনরা প্রশাসনকে বিষয়টি জানাতে চান না। তবে ভুক্তভোগীর পরিবার বা সংশ্লিষ্ট কারও কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় বনজীবীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সুন্দরবনে জলদস্যু দমনে আরও কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়া জরুরি।

আরও খবর