মোঃ সাহেব আলী, শ্যামনগর প্রতিনিধি ১১ মে ২০২৬ , ৭:০৬:৩৬ অনলাইন সংস্করণ
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের হামলায় বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
রোববার (১০ মে) সকাল প্রায় ৮টার দিকে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের আওতাধীন কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে।
ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহে যান। তারা পায়রাটুনি খাল এলাকায় মধু আহরণে ব্যস্ত থাকাকালে হঠাৎ বনের ঝোপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার বেরিয়ে এসে বাবলু গাজীর ওপর হামলা চালায়।
এ সময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার শুরু করেন এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের বাবা মালেক গাজী বলেন, “আমরা একসঙ্গে মধু সংগ্রহ করতে গিয়েছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে।”
স্বজনরা জানান, বাবলু গাজীর শরীরের কয়েকটি স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ফিরে আসা মৌয়ালরা বলেন, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। জীবিকার তাগিদে বাঘের আতঙ্ক নিয়েই তাদের বনে প্রবেশ করতে হয়।
এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য বারবার সতর্ক করা হলেও মাঝেমধ্যেই বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তারা।

















