ভুয়া আয়কর কর্মকর্তা সেজে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ণ
HridoyBarta

যশোরের কেশবপুরে আয়কর কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ের সময় উৎপল কুমার রায় (৩৩) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উৎপল কুমার রায় যশোরের বাঘারপাড়া সদরের মৃত রবীন্দ্রনাথ রায়ের ছেলে। বৃহস্পতিবার তিনি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ও হাসানপুর বাজারে নিজেকে আয়কর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে অর্থ আদায় করছিলেন।

এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন