লাইসেন্সবিহীন ‘সার্জিক্যাল ক্লিনিক’ বন্ধের নির্দেশ, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরায় লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত ‘সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক’-এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ৩টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬-এর গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, কোনো বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ক্লিনিকটি পরিচালিত হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইনে ক্লিনিকটির প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় অননুমোদিত ক্লিনিকটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

জনস্বার্থে লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন ও র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন