শ্যামনগর

সুন্দরবনে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলে অপহরণ

  অনলাইন ডেস্ক ২৪ আগস্ট ২০২৬ , ৭:০৮:০৮ অনলাইন সংস্করণ

সুন্দরবনের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেওয়া জেলে বহরে হানা দিয়ে একটি ফিশিং ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে রবিবার (২৩ আগস্ট) বিকেলে বিষয়টি জানাজানি হয়।

অপহৃত জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)।

অপহরণের পর জেলেদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা তারা কী অবস্থায় আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অপহৃত জেলেদের পরিবারের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি জানান, জেলেদের তুলে নেওয়ার পর দস্যুরা এখন পর্যন্ত তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি। তাঁদের বনের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সেটিও জানা সম্ভব হয়নি।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে উঠে কয়েকটি ট্রলার শ্যালার চরের কালামিয়া ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিল। রাত ১০টার দিকে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সশস্ত্র সদস্যরা সেখানে হানা দেয়।

তিনি বলেন, দস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেকে তুলে নিয়ে যায়। পরে মোট পাঁচ জেলেকে অপহরণের খবর পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, জেলেদের অপহরণের বিষয়টি তাঁরা শুনেছেন। বিষয়টি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে কোস্টগার্ড পশ্চিম জোনকেও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, হঠাৎ করে বনদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে টহল জোরদার করেছে।

আরও খবর