খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে একদিকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি আবুল কালাম আজাদ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা এবং পৌর বাজার সরেজমিনে পরিদর্শন করেন। তিনি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জলাবদ্ধতার সমস্যা ও ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে তিনি জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, নিয়মিত ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়দের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, পৌর আমীর ডা. জিএম আসাদুল হক, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল কাদীর ও মুজাহিদুল ইসলাম।








