রইচপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার রইচপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টায় রইচপুর গ্রামবাসীর উদ্যোগে আব্দুর রাজ্জাকের মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মাথায় বিশেষ ব্যাজ ও ক্যাপ এবং হাতে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ব্যানার দেখা যায়।

র‍্যালি শেষে আব্দুর রাজ্জাকের মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জশনে জুলুসের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়। তাঁর শান্তি, দয়া, ক্ষমা ও মানবতার আদর্শ অনুসরণ করে সত্য বলা, মানুষের উপকার করা এবং সৎ পথে চলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশেকে রসূল মাহবুব আলম, আলিপুর বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মো. আজগার আলী, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে বিশ্বনবী (সা.)-এর আদর্শ অনুসরণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন রইচপুর পশ্চিমপাড়ার বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. আব্দুল্লাহ। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন