মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক), সাতক্ষীরার বাস্তবায়নে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২০২৭ চক্রের প্রশিক্ষণ কার্যক্রম নড়াইলের লোহাগড়া ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় চলছে। কর্মসূচির আওতায় দুই উপজেলার ৪ হাজার ১৯৮ জন দুঃস্থ নারী জীবন দক্ষতা ও আয়বর্ধক প্রশিক্ষণ নিচ্ছেন।
মাসউক সূত্রে জানা গেছে, ১২ জন কর্মকর্তা ও প্রশিক্ষকের মাধ্যমে এসব প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। জুন-আগস্ট কোয়ার্টারে ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, রোগ ও শিশুর টিকা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি ও খাদ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে সেপ্টেম্বর-ডিসেম্বর কোয়ার্টারে নারীর ক্ষমতায়ন, দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনা, এইচআইভি/এইডস ও মাদকের কুফল বিষয়ে প্রশিক্ষণ চলছে।
প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপপরিচালক, ইউনিয়ন ভিডব্লিউবি কমিটির সদস্য, জনপ্রতিনিধি, কর্মসূচির সমন্বয়কারী ও প্রোগ্রাম কর্মকর্তারা। তাঁরা সরাসরি উপস্থিতির পাশাপাশি অনলাইনেও প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং করছেন।
মাসউক নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০২৭ সালের জুনে এ চক্রের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
কর্মসূচির সমন্বয়কারী মো. গিয়াসউদ্দিন বলেন, প্রশিক্ষণ কার্যক্রমের মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অনলাইনেও তদারকি করা হচ্ছে।







