সাতক্ষীরার দেবহাটায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি বের করা হয়। পরে সকাল সাড়ে ১১টায় দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পাল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দেন তাঁরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।







