আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। পূজা উদযাপন থেকে শুরু করে বিজয়া দশমীর কার্যক্রম পর্যন্ত সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় ট্যাগ কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরি প্রয়োজনে উপজেলায় সার্বক্ষণিক নিয়ন্ত্রণসেবা চালু থাকবে।
সভায় বক্তব্য দেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রনজিত সরকার ও সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবির খানজিয়া ক্যাম্প কোম্পানির মহাসিন হাওলাদার, আনসার-ভিডিপির উপজেলা কমান্ডার মোস্তফা, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেশফাকুল আলম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল।
সভায় বক্তারা পূজামণ্ডপে ডিজে গানের অপব্যবহার, মাদক ও বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। পূজায় আগত দর্শনার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
সভায় জানানো হয়, কালিগঞ্জ উপজেলার ৫৫টি দুর্গাপূজামণ্ডপে উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা উদযাপন কমিটি, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব আনন্দময়, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভায় উপস্থিত বক্তারা।







