সুন্দরবনে ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত রোববার (১১ অক্টোবর) খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সম্রাট বাহিনীর অবস্থান শনাক্ত করে নলিয়ান কোস্ট গার্ড আউটপোস্টের সদস্যরা অভিযান চালান।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভেতরে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাঁদের ধরে নিয়ে জিম্মি করে। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাঁরা সবাই খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।







