সাতক্ষীরার শ্যামনগরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। পরিবারের দাবি, শিশুটি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক গুমানতলী ফাজিল মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।
শিশুটির পরিবারের অভিযোগ, প্রায় সাত মাস আগে প্রাইভেট পড়ানোর সময় কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে শিশুটিকে অচেতন করে ধর্ষণ করেন ওই শিক্ষক।
পরিবারের সদস্যদের সঙ্গে গত ১১ অক্টোবর শ্যামনগর থানায় গিয়ে অভিযোগ জানায় শিশুটি। এ সময় শিশুটির নানি লিখিত অভিযোগ করেন বলে থানার দায়িত্বপ্রাপ্ত এক উপ-পরিদর্শক জানিয়েছেন।
পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।







