সাতক্ষীরার আশাশুনিতে জেন্ডার সমতা, নারীর অধিকার ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সরকার, প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুবদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় আশাশুনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও পø্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে স্থানীয় যুব সংগঠন উদারতা ইয়ুথ ফাউন্ডেশন এ আয়োজন করে।
দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বিষয়বস্তু ও উপস্থাপনা তুলে ধরেন জুবায়ের আহম্মেদ। সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি. এম. তরিকুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্ণকার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি বিল্লাল হোসেন।
সংলাপে সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গভিত্তিক গতানুগতিক ধারণা মোকাবিলা, তথ্য যাচাইয়ের মাধ্যমে গণমাধ্যম সাক্ষরতা বৃদ্ধি এবং অনলাইন পরিসরে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থাপনায় নারীর সুরক্ষা, ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি সমাজে প্রচলিত কুসংস্কার ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি দূর করতে তরুণদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় অতিথি ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা নারীর প্রতি সম্মান, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে যুবদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা একটি বৈষম্যহীন, নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।
আশাশুনিতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে অ্যাডভোকেসি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ণ
আশাশুনি প্রতিনিধি







