কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ
কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মুহাঃ আসাদুজ্জামান ফারুকী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ।

দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। নির্বাচন কমিশনের সদস্য সচিব ছিলেন সাতক্ষীরা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহিল হাবিব।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমাদের সময়-এর কলারোয়া সংবাদদাতা মো. মোস্তাক আহমেদ বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের কলারোয়া সংবাদদাতা মুহাঃ আসাদুজ্জামান ফারুকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহসভাপতি পদে দৈনিক ইনকিলাব-এর কলারোয়া সংবাদদাতা এসএম জাকির ও দৈনিক লোকসমাজ-এর কলারোয়া প্রতিনিধি শামসুর রহমান লালটু সমান ভোট পান। পরে নির্বাচন কমিশন সবার সম্মতিক্রমে দুজনকেই বিজয়ী ঘোষণা করে।

এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে দৈনিক হৃদয় বার্তা-এর কলারোয়া উপজেলা প্রতিনিধি মোজাফফর হোসেন পলাশ এবং প্রচার ও সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে মিল্টন কবীর নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে দৈনিক গ্রামের কাগজ-এর কলারোয়া প্রতিনিধি মোস্তফা হোসেন বাবলু এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক নয়াপাড়া-এর মোর্তজা হাসান নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এসএম ফারুক, আসাদুজ্জামান আসাদ ও আহসানুল্লাহ।

নির্বাচনের মধ্য দিয়ে ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন