নিখোঁজের চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো

সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজের চার দিন পর মনোরঞ্জন মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করেন।

মনোরঞ্জন মণ্ডল কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে। তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন মণ্ডল। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

সোমবার সকালে শৈলখালী এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহটি মনোরঞ্জন মণ্ডলের বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মনোরঞ্জন মণ্ডল চার দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে শৈলখালীর একটি ধানক্ষেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, কী কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন